ইরান ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্য বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারাবি জানান, দুই দেশই আলোচনার টেবিলে ফিরতে সদিচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে এবং স্থায়ী শান্তির জন্য সেখানে স্থিতিশীলতা জরুরি বলে মনে করছে ইসলামাবাদ।
এদিকে রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে একটি সমঝোতার দিকে কিছুটা অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থান দূরত্ব তৈরি করছে।
সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় যে কোনো চুক্তির আগে ইরানের প্রতিনিধিদলকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে এবং চূড়ান্ত সমঝোতায় তেহরানের শীর্ষ পর্যায়ের ঐকমত্য নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে এক দশকেরও বেশি সময় পর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

