দেশের অধস্তন আদালতগুলোতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মামলার জট কমাতে সরকার বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে এবং এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।
মন্ত্রী জানান, ‘দ্য কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে, যেখানে এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সমন জারি, অ্যাফিডেভিটের মাধ্যমে জবাব দাখিল এবং সরাসরি জেরা করার মতো আধুনিক বিধান যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থাও চালু হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে দ্রুততর করছে।
মামলার জট নিরসনে ইতোমধ্যে ৮৭১টি নতুন আদালত এবং ২৩২টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। আরও ৩০৪টি বিচারকের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে এবং ১৫০ জন সিভিল জজ নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।
এছাড়া বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে শত শত কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
আইনমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তার জন্য ‘১৬৬৯৯’ হটলাইন চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের কার্যতালিকা (কজলিস্ট) শতভাগ অনলাইনে আনার ফলে মানুষ এখন ঘরে বসেই মামলার তারিখ জানতে পারছে, যা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করেছে।
সরকারের এসব উদ্যোগের মাধ্যমে মামলার জট কমিয়ে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

