ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ধর্ম অবমাননা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বাউল আবুল সরকার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:১১ পিএম

ধর্ম অবমাননা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বাউল আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না—এ মর্মে একটি রুল জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরদিন ঘিওর থানায় স্থানীয় এক ইমাম বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে একই ধরনের অভিযোগে ঢাকার একটি আদালতেও আরেকটি মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ঘটনায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বর্তমানে হাইকোর্টের জামিন আদেশের ফলে সাময়িকভাবে কারামুক্তির পথ খুললেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!