ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল, মুক্তি মিলছে না

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৪৩ পিএম

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল, মুক্তি মিলছে না

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে অন্যান্য মামলার কারণে আপাতত তার মুক্তি হচ্ছে না।

রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী জানান, এই মামলায় খালাস পেলেও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হকের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি এবং হুমকির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়েছিল এবং পরে বিভিন্নভাবে ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়।

এই ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট আদালতে মামলা দায়ের করা হয়। পরে গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, মামলাটির বিচার কার্যক্রম সম্প্রতি শুরু হয় এবং বাদীপক্ষও খালাসে আপত্তি না জানানোয় আদালত তাকে বেকসুর খালাস দেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!