বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সূচনা হয়।
শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও বেগম রোকেয়া হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য সায়মা হক বিদিশা, আব্দুস সালাম, ছিদ্দিকুর রহমান খান এবং লুৎফর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কূটনৈতিক প্রতিনিধি ও নগরবাসী অংশ নেন।
ইউনেসকো স্বীকৃত এই ঐতিহ্যবাহী আয়োজন দেখতে সকাল থেকেই চারুকলা এলাকায় মানুষের ঢল নামে। অনেককে সাদা-লাল ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
শোভাযাত্রার শুরুতে ছিল মহানগর পুলিশের ঘোড়সওয়ার দল। এরপর জাতীয় পতাকা বহনকারী শিক্ষার্থীদের দল এবং বিভিন্ন হল, বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা এগিয়ে চলে।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মোরগ, বেহালা, শান্তির পায়রা, হাতি ও ঘোড়ার বিশাল মোটিফ। পাশাপাশি বাদ্যযন্ত্র পরিবেশনা ও দীর্ঘ পটচিত্র শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে। দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে এটি বহুসাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উঠে আসে।

