শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচনকে ঘিরে মনোনয়ন ফরম সংগ্রহের দিন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি-সমর্থিত আইনজীবীদের বিরুদ্ধে অন্য প্রার্থীদের ফরম কিনতে বাধা, মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে।
রোববার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন একাধিক আইনজীবী।
অভিযোগ অনুযায়ী, বিএনপি-ঘনিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের বাইরে অন্য কাউকে ফরম কিনতে দেওয়া হয়নি। এ সময় কয়েকজন আইনজীবীর ওপর হামলা ও হেনস্থার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।
প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খান অভিযোগ করেন, তিনি ফরম কিনতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং পরে তার চেম্বারেও গিয়ে লাঞ্ছিত করা হয়।
অন্যদিকে, সহ-সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী মুরাদ হোসেন মুন্সি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থিতা জানানোর পর তার চেম্বারে গিয়ে তাকে মারধর করা হয়, যাতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় নারী আইনজীবী জয়নব আক্তার ইতি-ও হেনস্থার অভিযোগ করেছেন। তিনি বলেন, সাধারণ আইনজীবীদের পক্ষে ফরম কিনতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি পদে মনোনীত কামরুল হাসান। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
একইভাবে নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ার মনির এবং প্রধান নির্বাচন কমিশনার শাহাদাদ হোসেন জানান, নির্ধারিত সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ফরম বিক্রি হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাদের জানা নেই।
এ ঘটনায় সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে আইনজীবী মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

