শিশুদের টিকা ক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, দেশে হামসহ বিভিন্ন রোগের টিকা সংকট এবং এর ফলে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শতাধিক শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর আক্রান্ত হওয়ার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য গুরুতর সংকেত।
আইনজীবীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও যথাযথ প্রস্তুতি নেওয়া হয়নি। ফলে সময়মতো টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে ব্যর্থতা দেখা দেয়, যা বর্তমান পরিস্থিতির জন্য দায়ী হতে পারে।
এছাড়া স্বাস্থ্য খাতে বিপুল বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেন আবেদনকারীরা।
এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন-এর কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীরা মনে করেন, শিশুদের জীবন রক্ষা এবং স্বাস্থ্য খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি।

