আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের প্রটোকল শাখার তথ্য অনুযায়ী, সফরের দিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।
এছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকার চৌকিরদহ খালে খনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং তার পৈতৃক ভিটা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ায় ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

