চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শ্বশুরবাড়িতে গিয়ে রিপন প্রধান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও স্ত্রীপক্ষ বলছে, তিনি বিষপানে অসুস্থ হয়ে মারা গেছেন।
নিহত রিপন প্রধান মতলব উত্তর উপজেলার লবাইর কান্দি গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী খাদিজা আক্তার মতলব দক্ষিণ উপজেলার মধ্য নাগদা গ্রামের বাসিন্দা। দাম্পত্য জীবনে তাদের সাড়ে তিন বছর বয়সী এক সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সকালে ঢাকার খিলগাঁও এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর বিকেলে রিপনের অসুস্থতার খবর পান স্বজনরা। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এক নারী ও এক পুরুষ রিপনকে হাসপাতালে ভর্তি করিয়ে চলে যান এবং এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিহতের বড় ভাই শাহ আলম অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, পারিবারিক বিরোধ ও স্ত্রীর পরকীয়া নিয়ে সম্প্রতি সালিশ হয়েছিল, যার জেরে এই ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, স্ত্রী খাদিজা আক্তারের দাবি, রিপন নিজেই বিষপান করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মতলব হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে নিহতের পরিবার আরও অভিযোগ করেছে, অতীতেও একই পরিবারের সঙ্গে বিষ প্রয়োগে হত্যার একটি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এই ঘটনার সঙ্গেও মিল খুঁজে পাচ্ছেন তারা।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

