চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ার কারণে নির্বাপণ কার্যক্রমে বেশ বেগ পেতে হয়। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তাদের বিশ্রাম নিতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনতলা বিশিষ্ট এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে এসে ভিড় জমান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ নির্ধারণে চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে জমে থাকা ঘন ধোঁয়ার কারণে পুরো পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করে জানানো হবে।

