ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে খাদে উল্টে গেল বাস, নিহত ১, আহত অন্তত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:১৪ পিএম

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে খাদে উল্টে গেল বাস, নিহত ১, আহত অন্তত ২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস খাদে উল্টে পড়ে অন্তত একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!