ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে ‘হাফ টাইম শো’ আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দিতে গিয়ে জানান, আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে এই বিশেষ আয়োজন রাখা হবে।
২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়াম-এ। মধ্যবিরতির এই আয়োজনকে বড়সড় সংগীত অনুষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং এর প্রধান গায়ক ক্রিস মার্টিন এই হাফ টাইম শো আয়োজনের দায়িত্বে রয়েছেন। তবে কারা পারফর্ম করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, “এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শোগুলোর একটি, যেখানে একাধিক তারকা শিল্পী অংশ নেবেন।”
যুক্তরাষ্ট্রে সুপার বোল-এর মাধ্যমে হাফ টাইম শো জনপ্রিয় হলেও ফুটবল বিশ্বকাপে এমন আয়োজন এবারই প্রথম। ফিফার এই উদ্যোগ বিশ্বজুড়ে ফুটবলে বিনোদনমূলক আয়োজনের নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে অতীতে ফুটবলে এমন আয়োজন সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করা হয়নি। তবুও এবারের বিশ্বকাপে এটি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

