ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

শাহজালাল বিমানবন্দরে ১ কেজির বেশি সোনাসহ নারী যাত্রী আটক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৪৪ পিএম

শাহজালাল বিমানবন্দরে ১ কেজির বেশি সোনাসহ নারী যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম সোনাসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। আটক নারী তামান্না মাইমুনা (২১) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগে থেকেই গোয়েন্দা সংস্থার কাছে সোনা পাচারের সম্ভাব্য তথ্য ছিল। এর ভিত্তিতে ডমেস্টিক টার্মিনালে নজরদারি জোরদার করা হয়।

পরে সন্দেহভাজন ওই নারী যাত্রী ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেলের দিকে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তামান্না মাইমুনা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছান।

উদ্ধার করা সোনার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মূল্য নির্ধারণ করা হয়নি।

আটক যাত্রী ও জব্দ করা সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক রুট ব্যবহার করে সোনা পাচার রোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!