ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

অংশের অতিরিক্ত জমি নামজারির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৩:৪১ পিএম

অংশের অতিরিক্ত জমি নামজারির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অংশের অতিরিক্ত জমি নামজারি করে তা বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে আবুল কালাম পাটোয়ারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আপত্তি জানিয়েছেন এক সহ-অংশীদার। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র থেকে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা মৌজার বিএস ২৬ নম্বর খতিয়ানের ৪৯৯১ নম্বর দাগসহ একাধিক দাগে আইয়ুব আলী পাটোয়ারীসহ কয়েকজনের যৌথ মালিকানা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৯৮৪ সালে ছাদেক পাটোয়ারীর কাছ থেকে হনুফা বেগম একটি অংশের সম্পত্তি ক্রয় করেন। পরে ২০১৫ সালে একই সম্পত্তি দলিলের মাধ্যমে আবুল কালাম পাটোয়ারীর নামে হস্তান্তর করা হয়। তবে বিএস জরিপের সময় সাবেক ১৫৫৫ নম্বর দাগের মোট ৩ দশমিক ৯৪ একর জমি কয়েকটি দাগ ও খতিয়ানে বিভক্ত হয়ে ছাদেক পাটোয়ারীসহ একাধিক ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়।

অভিযোগকারী দাবি করেন, সম্প্রতি আবুল কালাম পাটোয়ারী ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নামজারি মামলা করে ৮০৩৭/২৬ নম্বর নামজারি খতিয়ান সৃষ্টি করেন। এতে একটি দাগের পুরো সম্পত্তি নিজের নামে নামজারি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার ভাষ্য, এ প্রক্রিয়ায় কোনো আপস-বণ্টন দলিল কিংবা অন্য সহ-অংশীদারদের নোটিশ দেওয়া হয়নি।

বিষয়টি জানতে পেরে সহ-অংশীদার জসিমউদ্দীন পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আপত্তি দাখিল করেন। তার অভিযোগ, আপত্তির নিষ্পত্তি হওয়ার আগেই আবুল কালাম পাটোয়ারী ওই জমি বিক্রির উদ্যোগ নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল কালাম পাটোয়ারী বলেন, সাবেক দাগের চৌহদ্দি, দখল পরিস্থিতি এবং অন্যান্য অংশীদারদের অবস্থান বিবেচনায় রেখেই তিনি নামজারি করেছেন। তার দাবি, অন্য অংশীদারদের এ বিষয়ে কোনো আপত্তি ছিল না। এছাড়া আপত্তিকারী নিজেও একই দাগের জমির একটি অংশ পূর্বে বিক্রি করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জসিমউদ্দীন পাটোয়ারী বলেন, আপত্তির বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত জমি হস্তান্তর করা হলে ভবিষ্যতে জটিল আইনি বিরোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!