বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়েই যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার অপচেষ্টা প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। তার ভাষ্য, গণতন্ত্রবিরোধী ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো উদ্যোগের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল এবং বিভিন্ন অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তারা এখন সেই অর্থ ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির চেষ্টা করছে।
রিজভীর দাবি, দীর্ঘদিন পর জনগণের ভোটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, অতীতে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ছিল। জনগণ আর কখনও সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না এবং এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবে না।
তিনি বলেন, দেশের অগ্রগতি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। তার মতে, বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রিজভী আরও বলেন, স্বাধীনতার জন্য বিপুল আত্মত্যাগের ইতিহাস বহনকারী বাংলাদেশকে কোনোভাবেই অন্যের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করা যাবে না। দেশের জনগণ জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, অর্থপাচারের মাধ্যমে গড়ে ওঠা একটি গোষ্ঠী পুনরায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

