জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে তার দল নীরব থাকবে না। প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর মগবাজারে দলের মজলিসে শূরার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তার ভাষ্য, জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হলে দেশের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি সহিংস ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সরকার জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে বিরোধী দল হিসেবে জামায়াত তা সমর্থন করবে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে তার দল আপসহীন থাকবে এবং প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখবে।

