ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত করে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়।
দলটির কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে এককভাবে অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনায় কিছু দুর্বলতা চিহ্নিত হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতৃত্বে পুনর্বিন্যাস করা হয়েছে।
নবনিযুক্ত মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখবেন।

