চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় রাজনৈতিক জোট।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচির ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং এ-সংক্রান্ত বিভিন্ন দাবি সামনে রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ বিভিন্ন অভিযোগের বিচার নিশ্চিত করার দাবিকে আরও জোরালো করা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৫ জুলাই দেশের সব জেলা ও মহানগরে সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই বিভিন্ন স্থানে চিত্রপ্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। কর্মসূচির শেষ দিনে, আগামী ৫ আগস্ট, দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

