সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, ভুয়া ভিডিও এবং সাইবার বুলিং প্রতিরোধে সরকার আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া ভিডিওর মাধ্যমে হেয় করা হচ্ছে। নাগরিকদের এ ধরনের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ কারণে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সাইবার বুলিং এবং ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই এবং তিনি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেই বিষয়টি জেনেছেন।
তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে জনস্বার্থে যেকোনো সময় মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। তার ভাষ্য, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সে লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, কোনো সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা বিবেচনায় নেবেন। তবে সম্ভাব্য পরিবর্তন কবে হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।

