ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বিশ্বকাপ সম্প্রচার: ২০২২ সালের লেনদেনে দুর্নীতির অভিযোগ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৪৫ পিএম

বিশ্বকাপ সম্প্রচার: ২০২২ সালের লেনদেনে দুর্নীতির অভিযোগ

২০২২ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনাবেচায় প্রায় ১৪০ কোটি টাকার লেনদেনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত এখনো চলমান।

রোববার (১৯ জুলাই) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলা সম্প্রচার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহে আলম, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে ফিফার কাছ থেকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে সম্প্রচারস্বত্ব কেনা হলেও তা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বাংলাদেশে আসে। তার দাবি, সে সময় বিটিভি প্রায় ৯৮ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব সংগ্রহ করে এবং পরে বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলোর কাছে প্রায় ৩৯ কোটি টাকায় বিভিন্ন স্বত্ব হস্তান্তর করা হয়। সব মিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়, যেখানে অনিয়মের অভিযোগ উঠেছে।

তিনি জানান, এবারের ২০২৬ বিশ্বকাপে সরকার সরাসরি ফিফার কাছ থেকে প্রায় ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে মিডিয়া রাইটস কিনেছে। পরে দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে এর প্রায় পুরো অর্থ আদায় করা হয়েছে। ফলে সরকারের আর্থিক ব্যয় তিন থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং সেটিও পরবর্তীতে আদায় সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করায় এবার মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ তৈরি হয়নি। এর ফলে সরকারি অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিশ্বকাপ সম্প্রচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে ২০২২ সালের সম্প্রচারস্বত্ব নিয়ে ওঠা অভিযোগ দুদকে পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান।

এ বিষয়ে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে দুদকও প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে বলে তারা জানতে পেরেছেন। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজন হলে তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দুদকের সঙ্গে যোগাযোগ করবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!