দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৮ জন। একই সময়ে ১ হাজার ২১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৯ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান সম্পন্ন করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

