শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে বিশ্বের বিভিন্ন দেশ নতুন আইন ও বিধিনিষেধ কার্যকর করছে। সেই ধারাবাহিকতায় ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে নতুন আইন প্রণয়নের পথে এগিয়েছে ফ্রান্স।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের অন্তত ২০টি দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে আইন করেছে, আইন প্রস্তাব করেছে অথবা নতুন বিধিনিষেধ কার্যকরের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কয়েকটি দেশে ইতোমধ্যে বয়সভিত্তিক সীমাবদ্ধতা কার্যকর হয়েছে।
অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিভিন্ন ধরনের নিয়ম চালু রয়েছে। কোথাও নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, আবার কোথাও অ্যাকাউন্ট খোলার আগে বয়স যাচাই কিংবা অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে তুরস্কে এ-সংক্রান্ত আইন অনুমোদন পেয়েছে, যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হওয়ার কথা রয়েছে। একই ধরনের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও, যেখানে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
ইউরোপেও শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। ইউরোপীয় ইউনিয়ন বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি গ্রিস, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাজ্য ও কানাডা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন বা বয়সসীমা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে।
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার একটি বিল মঙ্গলবার পার্লামেন্টে ভোটের জন্য তোলা হয়েছে। বিলটি অনুমোদিত হলে আগামী সেপ্টেম্বর থেকে নতুন বিধান কার্যকর করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।
এ ছাড়া পর্তুগাল, স্পেন ও ইতালিতেও শিশুদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, ঘুমের অভ্যাস, শিক্ষাজীবন এবং সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে।

