ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের উদ্বোধন

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের উদ্বোধন

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ আরও শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য অনুষ্ঠান উন্মুক্ত রাখা হয়।

নতুন উদ্বোধন হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি দেশের উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা, বিভিন্ন অনুদান ও অর্থায়নের সুযোগ, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য এবং প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়াসহ বিভিন্ন সেবা একই জায়গা থেকে পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও সুসংগঠিত হবে এবং নতুন উদ্যোক্তারা সহজে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক একটি জাতীয় কর্মশালায়ও অংশ নিয়েছিলেন তারেক রহমান।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!