২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে গত বছরের তুলনায় হজযাত্রীদের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নতুন হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ‘সাধারণ হজ প্যাকেজ’–এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি বলেন, বেসরকারি হজ এজেন্সিগুলো চাইলে সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজের পাশাপাশি অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকারি হজ প্যাকেজ-২–এ নির্ধারিত সেবা ও সুবিধার মানের নিচে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এর ফলে গত বছরের তুলনায় ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারিত হয়েছে।
তার মতে, বিমান ভাড়া হ্রাসের ফলে হজযাত্রীদের আর্থিক চাপ কিছুটা কমবে এবং অধিকসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির জন্য হজ পালন তুলনামূলকভাবে সহজ হবে।
সরকার আশা করছে, নির্ধারিত প্যাকেজ ও সেবার মান নিশ্চিত করে আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও যাত্রীবান্ধবভাবে পরিচালনা করা সম্ভব হবে।

