পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ হজ অফিস ও সৌদি আরবে দায়িত্বপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত পর্যন্ত মোট ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনস-এর ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন বলে হজ বুলেটিনে জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে।

