ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৩:৫০ পিএম

অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

অনুমোদনহীন হজ এজেন্সি, গ্রুপ বা কাফেলার আকর্ষণীয় প্যাকেজের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য হজযাত্রী ও সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অনুমোদনবিহীন প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে হজে যেতে আগ্রহীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সরকার অনুমোদিত ও বৈধ লাইসেন্সধারী তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজ পালনের সুযোগও নেই।

এ অবস্থায় অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে হজসংক্রান্ত আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও সংশ্লিষ্ট নীতিমালা (গাইডলাইন) শিগগিরই প্রকাশ করা হবে। হজে যেতে ইচ্ছুকদের সরকারি ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করে নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!