হবিগঞ্জ জেলা কারাতে একাডেমির উদ্যোগে কারাতে বেল্ট পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশ নেন এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ চারজন কারাতেকাকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়।
শনিবার (১৮ জুলাই) জালাল স্টেডিয়ামে আয়োজিত এ পরীক্ষায় একাডেমির বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। নির্ধারিত আন্তর্জাতিক সিলেবাস অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণদের বেল্ট ও সনদ প্রদানের ব্যবস্থা করা হয়।
এবার ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন নিবারণ চন্দ্র বিশ্বাস, সাইমা জাহান মিয়া, সামিহা তাসনিম এবং নিগম চন্দ্র বিশ্বাস। এছাড়া অন্যান্য বেল্টে উত্তীর্ণ হয়েছেন পরমজিৎ দে অনীশ, হিফজুর রহমান, সারিয়া রহমান, বর্ণ বণিক, শ্যামা বণিক, হাবিবুল্লাহ, নিহান ও মারুফ।
হবিগঞ্জ জেলা কারাতে একাডেমিতে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রধান কোচ সেনসেই ফজলুল করিমের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে আত্মরক্ষার কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার নৈতিকতা এবং শিক্ষার্থীদের মানসিক ও মেধাগত বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
প্রধান কোচ সেনসেই ফজলুল করিম জানান, একাডেমির শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের মাধ্যমে হবিগঞ্জের সুনাম বৃদ্ধি করেছে। তিনি বলেন, চলমান ‘নতুন কুঁড়ি’ কারাতে প্রতিযোগিতায় জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে সামিহা তাসনিম ও সারিয়া রহমান।
তিনি আরও জানান, আগামী ২৫ জুলাই ২০২৬ ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি’ কারাতে প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন এই দুই কারাতেকা। বর্তমানে তারা জাতীয় প্রতিযোগিতাকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত।
সেনসেই ফজলুল করিমের মতে, কারাতে একটি আন্তর্জাতিক মানের আত্মরক্ষামূলক ও প্রতিযোগিতামূলক খেলা। এ খেলায় প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে হবিগঞ্জের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে।

