ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৫:২৬ পিএম

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৮ জুন) সকালে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদসংলগ্ন একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিলুফারের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। প্রায় ১৪ বছর আগে এসআই আনোয়ার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আবাসিক মাদ্রাসায় লেখাপড়া করায় নিলুফার মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের ওই বাসায় বসবাস করতেন।

সবুজবাগ থানা পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা জানিয়েছেন নিলুফার দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন। ছেলের পড়াশোনা, পারিবারিক বিষয় এবং আর্থিক টানাপোড়েন নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পুলিশের ধারণা, রোববার ভোর থেকে সকাল ছয়টার মধ্যে কোনো একসময় তিনি নিজের কক্ষে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহে অন্য কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!