ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাই: চার সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:০১ পিএম

ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাই: চার সদস্য গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ী ও তার সঙ্গীকে অপহরণ করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর সদর, গাছা ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)। তাদের বাড়ি জামালপুর ও পটুয়াখালী জেলায়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুন সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার এক আত্মীয় ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি নোয়াহ মাইক্রোবাসে এসে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িতে ওঠানোর পর ভুক্তভোগীদের চোখ ও মুখ বেঁধে মারধর করা হয়। পরে প্রাণনাশের ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে মোট ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। রাতের দিকে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় একটি ইটভাটার সামনে তাদের চোখ-মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!