ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

এক যুগের অবসান, গার্দিওলাকে রাজকীয় বিদায় দিচ্ছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১২:১২ এএম

এক যুগের অবসান, গার্দিওলাকে রাজকীয় বিদায় দিচ্ছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন পেপ গার্দিওলাকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত ক্লাবটি। দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের পর সিটির কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। তার বিদায় উপলক্ষে আগামী সোমবার (২৫ মে) আয়োজন করা হয়েছে জমকালো শোভাযাত্রা ও বিশেষ সংবর্ধনার।

ক্লাব সূত্রে জানা গেছে, ছাদখোলা বাসে করে ম্যানচেস্টারের নর্দান কোয়ার্টার এলাকা থেকে শুরু হবে বিদায়ী শোভাযাত্রা। পরে সেটি গিয়ে শেষ হবে এতিহাদ স্টেডিয়ামের কলিন বেল গ্যালারির সামনে। প্রিয় কোচকে শেষবারের মতো সম্মান জানাতে হাজার হাজার সমর্থকের অংশ নেওয়ার কথা রয়েছে এই আয়োজনটিতে।

এর আগে রোববার (২৪ মে) ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচে দায়িত্ব পালন করবেন গার্দিওলা। অ্যাস্টন ভিলার বিপক্ষে সেই ম্যাচের পরই তার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার সময় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন গার্দিওলার সফলতা নিয়ে। কারণ এর আগে স্পেন ও জার্মানিতে সাফল্য পেলেও ইংল্যান্ডের কঠিন ফুটবল প্রতিযোগিতায় অনেক বড় কোচই ব্যর্থ হয়েছেন। তবে শুরু থেকেই নিজের কৌশল, দর্শন ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে আলাদা করে চিনিয়েছেন নিজেকে।

গার্দিওলার অধীনে বদলে যায় ম্যানচেস্টার সিটির চেহারা। ইংল্যান্ড ও ইউরোপের অন্যতম ভয়ংকর দলে পরিণত হয় সিটিজেনরা। তার সময়েই ক্লাবের ট্রফি কেবিনেটে যুক্ত হয়েছে ২০টি বড় শিরোপা।

এর মধ্যে রয়েছে ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগ, ১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড এবং ১টি ক্লাব বিশ্বকাপের শিরোপা। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাকে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের বিদায় প্রসঙ্গে গার্দিওলা বলেন, জীবনের সুন্দর স্মৃতিগুলো নিয়েই বিদায় নিতে চান তিনি।

তিনি বলেন, “ম্যানচেস্টার সিটির হয়ে কাজ করতে পারাটা আমার জন্য বড় সম্মানের। এখানে অসংখ্য সুন্দর স্মৃতি রয়েছে। জয়-পরাজয় মিলিয়ে এই সময়গুলো সবসময় হৃদয়ে থাকবে।”

এদিকে গার্দিওলার বিদায়ের খবর ছড়িয়ে পড়ার পর সমর্থকদের মাঝেও তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্লাব ইতিহাসের সেরা কোচ হিসেবে উল্লেখ করছেন।

এখন আলোচনায় রয়েছে, গার্দিওলার পর কে হবেন সিটির নতুন কাণ্ডারি। সম্ভাব্য তালিকায় উঠে এসেছে ইতালিয়ান কোচ এনজো মারেস্কা এবং সাবেক সিটি অধিনায়ক ও বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানির নাম।

তবে যেই আসুক, সমর্থকদের মতে গার্দিওলার রেখে যাওয়া সাফল্য, দর্শন ও আধিপত্যের অধ্যায় সহজে ভুলতে পারবে না ম্যানচেস্টার সিটি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!