চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব দক্ষিণ জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সদস্যদের নিয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে এক সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। “১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়” লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় বিদ্যুতের নিরাপদ ব্যবহার, সাশ্রয়ী প্রযুক্তি এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম জনাব জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়্যারিং পরিদর্শক মোঃ মেহেদী হাসান। সভায় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তার। তিনি বলেন, পল্লী বিদ্যুতের এমন জনসচেতনতামূলক আয়োজন সাধারণ মানুষের মাঝে বিদ্যুতের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত গ্রাহক সদস্যরা লোডশেডিং,বিদ্যুৎ বিল,নতুন সংযোগ,মিটার স্থানান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে ডিজিএম জনাব জসিম উদ্দিন বলেন, “আমরা সবাই যদি সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করি এবং অপচয় রোধ করি, তাহলে অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এতে লোডশেডিং অনেকাংশে কমে আসবে।”
তিনি বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ ব্যবহারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— ফিলামেন্ট লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার,খালি ঘরে লাইট-ফ্যান বন্ধ রাখা,মানসম্মত গ্রাউন্ডিং নিশ্চিত করা এবং অনুমোদিত তার ও ক্যাবল ব্যবহার করা। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে বৈদ্যুতিক কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে সোলার হোম সিস্টেম ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। এসি ব্যবহারে সচেতনতা বাড়িয়ে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির রেফ্রিজারেটর ও উন্নত সার্ভিস ভ্যালুর ফ্যান ব্যবহারের পরামর্শও দেন।
সভা শেষে ডিজিএম জনাব জসিম উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবার সহযোগিতা কামনা করেন।

