ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৪৩ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার তথ্য পেয়ে বিশেষ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) এবং আব্দুল হামিদ (৩২)। তারা সবাই ক্যাম্প-১ ইস্ট এলাকার বাসিন্দা।

এপিবিএন সূত্র জানায়, ভোরে লম্বাশিয়া ক্যাম্পের দিল মোহাম্মদের একটি শেডে মাদক লেনদেন হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। অভিযানের সময় কয়েকটি শেড ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।

তল্লাশিকালে এক ব্যক্তির কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলি ভর্তি ছিল। এছাড়া আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

অভিযানে আটক ব্যক্তির কাঁধে থাকা একটি ব্যাগ তল্লাশি করে চারটি পলিব্যাগে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর দুইজনের কাছ থেকে আরও ৩ হাজার ৬০০ ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। পরে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ব্যক্তিদের উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। সম্প্রতি ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগও বাড়ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!