ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ঈদযাত্রায় ট্রেনযাত্রীদের জন্য নতুন সুবিধা, মিলবে তাৎক্ষণিক টিকিট

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:৫৮ পিএম

ঈদযাত্রায় ট্রেনযাত্রীদের জন্য নতুন সুবিধা, মিলবে তাৎক্ষণিক টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এবার রেলস্টেশন থেকেই সীমিত পরিসরে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট টিকিট সংগ্রহের সুযোগ পাবেন যাত্রীরা। ফলে যারা আগেভাগে অনলাইনে টিকিট কাটতে পারেননি, তারাও শেষ মুহূর্তে বৈধভাবে টিকিট পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সাক্ষাৎকারে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, ঈদকে কেন্দ্র করে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ট্রেনের টিকিটের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। রেলের সীমিত সক্ষমতার কারণে চাপ সামাল দিতে এবার বিশেষ ব্যবস্থাপনা নেয়া হয়েছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি ঠেকাতে কমলাপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোয় কঠোর নজরদারি থাকবে এবং টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। যাত্রীসেবার মান বাড়াতে স্টেশনগুলোর ওয়েটিং স্পেস সম্প্রসারণ, ট্রলি ও হুইলচেয়ার সেবা সচল রাখা এবং ওয়াশরুম উন্নয়নের কাজও করা হয়েছে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত কোচ সংযুক্ত করার পাশাপাশি কিছু রুটে দাঁড়িয়ে ভ্রমণের জন্য স্ট্যান্ডিং টিকিটও চালু রাখা হবে। এছাড়া বিমানবন্দর রেলস্টেশনে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে নতুন আধুনিক ওয়েটিং রুম নির্মাণের কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, কোনো ট্রেন দেরিতে চললে যাত্রীদের আগেই এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। সীমিত লোকোমোটিভ ও কোচ থাকা সত্ত্বেও বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!