সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামে পরিচালিত অভিযানে মো. রাজু (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার ধোপাকন্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।

র্যাব জানায়, পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামের একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে মিলে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

