কুমিল্লায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগুনে পুড়িয়ে এবং মাটিচাপা দিয়ে এসব পণ্য বিনষ্ট করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কাস্টমসের যুগ্ম কমিশনার নীতেশ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবির কর্মকর্তারাও এতে অংশ নেন।
কাস্টমস সূত্র জানায়, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ করা এসব পণ্য কাস্টমস গুদামে সংরক্ষিত ছিল। আমদানি নিষিদ্ধ এবং নিলামযোগ্য না হওয়ায় সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল শাড়ি, আতশবাজি এবং ভারতীয় ওষুধ—যার প্রায় ৯০ শতাংশই আতশবাজি। দীর্ঘদিন ধরে সংরক্ষিত ও নষ্ট হয়ে যাওয়া শাড়িগুলো আগুনে পোড়ানো হয়। অন্যদিকে ঝুঁকিপূর্ণ আতশবাজি ও ওষুধ পানি দিয়ে নিষ্ক্রিয় করে মাটিচাপা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এবার নিরাপদ পদ্ধতিতে ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

