ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ শুরু, তেহরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪৯ পিএম

ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ শুরু, তেহরানের কড়া হুঁশিয়ারি

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোতে এ অবরোধ শুরু হবে।

রোববার রাতে নিজের সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্ধারিত সময় থেকে ইরানের বন্দরগামী ও বহির্গামী সব জাহাজের ওপর এই অবরোধ কার্যকর হবে।

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় অঞ্চলে চলাচলকারী সব দেশের জাহাজের ওপরই এ অবরোধ প্রযোজ্য হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো নৌ অবরোধ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

তিনি দাবি করেন, অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপে সফল হবে না। ইরানের কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে, যা প্রয়োজনে কঠোর জবাব দিতে পারে।

বিশ্লেষকদের মতে, এই নৌ অবরোধ কার্যকর হলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!