ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ইরানের সমুদ্রবাণিজ্য বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের, ‘পুরোপুরি অবরোধ’ কার্যকর

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩০ পিএম

ইরানের সমুদ্রবাণিজ্য বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের, ‘পুরোপুরি অবরোধ’ কার্যকর

ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ পদক্ষেপের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আল জাজিরা-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টকম দাবি করেছে—ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ ইতোমধ্যে পুরোপুরি কার্যকর হয়েছে।

সেন্টকম প্রধান ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশই সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ আরোপের ৩৬ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের বাণিজ্য কার্যত বন্ধ করে দিতে সক্ষম হয়েছে।

তিনি আরও দাবি করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের উপকূলীয় অঞ্চল ও বন্দরগুলোতে যেকোনো দেশের জাহাজ প্রবেশ বা বহির্গমনের ক্ষেত্রে এই অবরোধ কঠোরভাবে কার্যকর করা হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে সমঝোতায় বাধ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!