ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:১১ পিএম

কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত সভায় তিনি সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ও দায়বদ্ধতার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণ সরকারের প্রতি যে প্রত্যাশা রেখেছে, তা পূরণে প্রশাসনের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া ও অন্যান্য খাতে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা চান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধি-বিধান কঠোরভাবে মেনে চলারও নির্দেশনা দেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন এবং কার্যালয়ের গঠন ও কার্যাবলি নিয়ে উপস্থাপনা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়, সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রাধিকার স্পষ্টভাবে উঠে আসে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!