সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতির তথ্য উঠে এসেছে পরিদর্শন প্রতিবেদনে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, যা শিক্ষা মন্ত্রণালয়-এর অধীন সংস্থা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে জাল ও অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আর্থিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। এসব অনিয়মের কারণে ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে থাকা ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, তদন্তে অন্তর্ভুক্ত ৯৭৩টি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

