ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটিতে যাচ্ছেন দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
আগামী রবিবার (৫ এপ্রিল) ইস্টার সানডে পালিত হবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের বিরতি তৈরি হচ্ছে।
খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর পুনরুত্থিত হন। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ইস্টার সানডে উদযাপন করা হয়, যা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে নতুন সমন্বয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালিত হবে।
এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হতে পারে। অনুমোদন মিললে ছুটি শেষে নতুন পদ্ধতিতে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

