মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর কোনো ধরনের ‘মানবিক নম্বর’ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পরীক্ষার্থীদের উত্তরপত্রে যা লেখা থাকবে, শুধুমাত্র তার ভিত্তিতেই নম্বর প্রদান করা হবে। খাতা মূল্যায়নের পুরো প্রক্রিয়া কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষা কেন্দ্রিক যেকোনো অনিয়ম বা নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি জানান, সরকার এসব প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় না। তবে পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নজরদারি থাকবে।
সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

