ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা, উত্তরপত্রে কড়াকড়ি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:২২ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা, উত্তরপত্রে কড়াকড়ি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়ন নিয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে পরীক্ষার পর উত্তরপত্রের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা শেষে উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করতে হবে। পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলা থেকে জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদফতর জানিয়েছে, দেশের ৬১ জেলায় আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় পরীক্ষা হবে ১৭ থেকে ২০ এপ্রিল।

পরীক্ষা শেষে চারটি বিষয়ের সব উত্তরপত্র একত্রে উপজেলা থেকে জেলায় পাঠাতে হবে। ৬১ জেলার ক্ষেত্রে এ কার্যক্রম ১৯ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলাগুলোর ক্ষেত্রে ২১ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

এছাড়া বিভাগীয় উপপরিচালকদের ১৮ এপ্রিলের মধ্যে এক জেলার উত্তরপত্র অন্য জেলায় পাঠানোর জন্য অফিস আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তী ধাপে ৬১ জেলার উত্তরপত্র ২০ এপ্রিলের মধ্যে এবং পার্বত্য জেলার উত্তরপত্র ২২ এপ্রিলের মধ্যে নির্ধারিত জেলায় পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইংরেজি ভার্সনের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্ধারিত নীতিমালা ও সময়সূচি মেনে কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!