ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ছাগল–কুকুর বিতর্কে সংঘর্ষ, পালং থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছাগল–কুকুর বিতর্কে সংঘর্ষ, পালং থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শরীয়তপুর সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মধ্যপাড়ায় ছাগলকে কুকুরের কামড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী–পুরুষসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে উভয় পক্ষই পালং থানা-য় অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার বেলা প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রোজিনা বেগম জানান, তাদের বাড়ির সামনে খোলা মাঠে বাচ্চাসহ একটি ছাগল ঘাস খাওয়ানোর সময় কয়েকটি পথকুকুর ছাগলটিকে আক্রমণ করে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা স্থানীয় এক মসজিদের ইমামকে সঙ্গে নিয়ে কুকুরগুলো তাড়িয়ে ছাগল উদ্ধার করেন। পরে আহত ছাগলকে চিকিৎসার জন্য সদর পশু হাসপাতালে নেওয়া হয়।

তার অভিযোগ, এ ঘটনার জেরে জালাল সরদার কুকুরটি নিজের দাবি করে ক্ষুব্ধ হন এবং তার ভাই বাবুকে ডেকে মারধর করেন। ভাইকে উদ্ধার করতে গেলে তাকেও ও তার বোনকে মারধর করা হয়। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযোগের কথা জানতে পেরে প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধেও মামলা করেছে।

অন্যদিকে জালাল সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, তার কুকুরকে আঘাত ও বিষ প্রয়োগে মারা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটনা ঘটেছে বলে তার দাবি।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!