সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে তার শুধু চাকরিচ্যুতিই নয়, আইনি ব্যবস্থার আওতায় এনে মামলা করা হবে বলে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সংবিধান ও প্রযোজ্য আইন অনুযায়ী সব অধ্যাদেশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী অপরাধের বিচারও আইনসম্মতভাবে সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বার্তায় তিনি স্পষ্ট করেন—দুর্নীতির ক্ষেত্রে প্রশাসনিক ও ফৌজদারি—দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।

