মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ তিনজন প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এবং আমিরাতভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১৫২টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝপথে ভূপাতিত করা হয়।
এছাড়া ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে কিছু ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় উপসাগরীয় অঞ্চলে এই হামলা সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

