ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার (১ মার্চ) মার্কিন কনস্যুলেটের নিকটে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা কেন্দ্রের নির্বাহী পরিচালক নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেন, আইন নিজের হাতে তুলে নিতে কাউকে দেওয়া হবে না। তিনি সংবেদনশীল স্থাপনায় নিরাপত্তা বাড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক নির্ধারণের নির্দেশ দেন।
কিয়ামাড়ি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার আমজাদ আহমেদ শেখ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদেই করাচিতে এ বিক্ষোভের সূত্রপাত হয় বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

