মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের এই গুরুত্বপূর্ণ নগরীতে হামলার ঘটনা ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। শনিবার দুবাইয়ের বুর্জ আল আরব ও পাম জুমেইরাহ এলাকায় ড্রোন হামলার অভিযোগ ওঠে। রোববার ভোরে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজনেস বে এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে জাবেল আলী বন্দরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে বলে খবর পাওয়া গেছে। দুবাই উচ্চ সতর্কতায় রয়েছে।
একই দিনে কাতারের রাজধানী দোহা ও ওমানের কিছু এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইরান পূর্বে জানিয়েছিল, তারা অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। তবে উপসাগরীয় বিভিন্ন শহরের স্থাপনাতেও আঘাত হানার খবর পাওয়া যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ইরানে চালানো অভিযানের লক্ষ্য ছিল সামরিক ও কৌশলগত অবকাঠামো। অন্যদিকে ইরান ‘তীব্র প্রতিশোধমূলক অভিযান’ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এশিয়া ও ইউরোপের মধ্যে একটি প্রধান পরিবহন কেন্দ্র। সেখানে হামলার দাবি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

