ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ফুটবলে আসছে কঠোর শৃঙ্খলা বিধি, বদলিতে সময়সীমা ১০ সেকেন্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:৪৩ পিএম

ফুটবলে আসছে কঠোর শৃঙ্খলা বিধি, বদলিতে সময়সীমা ১০ সেকেন্ড

মাঠে শৃঙ্খলা ফেরানো ও খেলার গতি বাড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে একাধিক নতুন নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ওয়েলসে অনুষ্ঠিত আইএফএবি’র ১৪০তম বার্ষিক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এখন থেকে ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখতে পারবেন না। সম্প্রতি একটি ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচে মুখ ঢেকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রমাণের জটিলতা এড়াতে এবং বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ রোধে এই বিধিনিষেধ কার্যকর হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, খেলোয়াড় ও কোচরা বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে আদর্শ। তাই মাঠে পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করা জরুরি।

 

সময় অপচয় ঠেকাতে বদলি প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রেও নির্দিষ্ট গণনা পদ্ধতি চালু হবে।

ইনজুরির ঘটনায়ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে খেলোয়াড়কে দ্রুত মাঠের বাইরে নেওয়ার নির্দেশনা যুক্ত হয়েছে।

ভিডিও সহকারী রেফারি ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। এখন দ্বিতীয় হলুদ কার্ডের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ভিডিও পর্যালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ থাকবে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ থেকে বিশ্বব্যাপী প্রতিযোগিতাগুলোতে ধাপে ধাপে এই আধুনিক নিয়মগুলো কার্যকর হবে। উদ্দেশ্য—খেলাকে আরও দ্রুত, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ করা।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!