মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ওমরাহ শেষে দেশে ফেরার পথে এই পরিস্থিতির মুখে পড়েন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, দুবাই হয়ে ঢাকায় ফেরার উদ্দেশ্যে জেদ্দা থেকে উড়াল দেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা সংকটের কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করছেন।
তেহরানের পারমাণবিক ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জারি হয়। কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করে। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মুশফিক তার পোস্টে আল্লাহর ওপর ভরসা রেখে নিরাপদে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের অনিশ্চয়তায় অপেক্ষা করতে হচ্ছে।

