ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সীমান্ত হত্যার বিষয়েও আলাপ হয়েছে।
রোববার (১ মার্চ) নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সীমান্তসংক্রান্ত বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে। সীমান্তে হতাহতের ঘটনা রোধে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাবের কাঠামোগত সংস্কার নিয়েও ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অবৈধভাবে ছড়িয়ে থাকা প্রায় ১০ হাজার অস্ত্র এখনো জমা পড়েনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের ২৭টি জেলায় অগ্নিনির্বাপণ সেবার ঘাটতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেবা সম্প্রসারণে নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

